...|...|...

খেলা

মাঠে প্রাণ গেল স্কুলছাত্রের, বাবার আর্তনাদ ‘তোমাকে কবরে রেখে কীভাবে ঘুমাব’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
মাঠে প্রাণ গেল স্কুলছাত্রের, বাবার আর্তনাদ ‘তোমাকে কবরে রেখে কীভাবে ঘুমাব’

ছবি: সংগৃহীত

সৌদি আরবপ্রবাসী বাবার সাথে শেষ দেখা হওয়ার অপেক্ষায় ছিল ১৪ বছর বয়সী মো. জিসান আহমেদের মরদেহ। ফুটবল খেলতে গিয়ে মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরেন বাবা মো. জালাল হোসেন। মঙ্গলবার রাতে কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের সামাজিক কবরস্থানে জিসানকে দাফন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা চলছিল। পৌরসভা দলের হয়ে মাথাভাঙ্গা ইউনিয়ন দলের বিপক্ষে খেলছিল জিসান। খেলা শুরুর চার-পাঁচ মিনিটের মাথায়, বেলা আড়াইটার দিকে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে। দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব থেকে গ্রামের বাড়িতে ফেরেন জালাল হোসেন। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের জন্য বিলাপ করতে করতে বলেছিলেন, ‘আমার জিসান, আমার আব্বাজান, আমার দুনিয়া, তুমি কই গেলা? আব্বা, তোমার জন্য আমার ভেতরটা কী যে করে! তোমার সাথে আর দেখা হবে না কোনো দিন, কথা হবে না কোনো দিন। কলিজা আমার, তোমাকে কবরে রেখে আমি কীভাবে বাসায় ঘুমাব?’

জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলের পড়াশোনার সুবিধার জন্য স্ত্রী ও সন্তানকে হোমনা উপজেলা সদরের একটি ভাড়া বাসায় রেখেছিলেন জালাল। পরিবারের সুন্দর ভবিষ্যতের আশায় তিনি সৌদি আরবে কাজ করতেন।

স্বজনেরা জানান, জিসানের বাবা দেশে না ফেরা পর্যন্ত তার মরদেহ দাফন করা হয়নি। বাবার ফেরার অপেক্ষায় মরদেহ রাখা হয়েছিল একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দড়িকান্দি গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জালাল হোসেন দেশে ফেরার খবর পেয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া তাদের বাড়িতে যান। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

জিসানের স্মরণে বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, জিসানের অকালমৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত। তার স্মরণে বিদ্যালয়ের পক্ষ থেকে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল ।