...|...|...

জাতীয়

মসজিদ-মন্দিরসহ ৮৬ হাজার প্রতিষ্ঠানের ধর্মীয় কর্মী পাবেন সম্মানী

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
মসজিদ-মন্দিরসহ ৮৬ হাজার প্রতিষ্ঠানের ধর্মীয় কর্মী পাবেন সম্মানী

ছবি: সংগৃহীত

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী দেবে সরকার। এ কর্মসূচির আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় সম্মানী বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালু করা হয়েছে। এর উদ্দেশ্য তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাদের মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।

উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সম্মানী পাবেন।

সম্মানীর নির্ধারিত হার অনুযায়ী, একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা পাবেন। পাশাপাশি মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা পাবেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যেও দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ কম। নিয়মিত সম্মানী চালু হলে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

প্রথম পর্যায়ে সুবিধা পেয়েছেন ১৩ হাজার ৯৪৯ জন

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী দেওয়ার উদ্যোগটি প্রথমে পাইলট প্রকল্প হিসেবে শুরু হয় গত ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম এবং ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন। বাকিরা খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যান্য সেবাকর্মী।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা করে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় দায়িত্বশীলদের সম্মানী প্রদানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেওয়ার কথা রয়েছে।

অর্থ পৌঁছাবে ব্যাংক ও মোবাইল হিসাবে

সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এ জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ পাঠানো হবে।

সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর তাদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সম্মানীর টাকা পাঠানো হবে।

ইসমাইল জবিউল্লাহ বাসসকে বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।

এ কর্মসূচি বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিকভাবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিষ্ঠান ও সুবিধাভোগী নির্বাচন যেভাবে

কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা। তার ভাষ্য, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজে তাদের সহযোগিতা করছেন আরও দুজন বিশিষ্ট ব্যক্তি। প্রতিষ্ঠান নির্বাচন বা তালিকা তৈরির প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।

উপদেষ্টার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সরকার দায়িত্বে থাকাকালে প্রতিবছর ধাপে ধাপে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সব ধর্মের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি স্থায়ী রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ ধর্মীয় ব্যক্তিদের আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা বাড়লে সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরও কার্যকর হতে পারে।

তবে কর্মসূচির সুফল নিশ্চিত করতে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা তৈরি, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যেন প্রশাসনিক জটিলতায় বাদ না পড়ে, সেদিকে নজর দেওয়ার তাগিদ রয়েছে।

এদিকে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সেলের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।