জোয়ারের ঢেউয়ের মতো আক্রমণ উঠবে, প্রতিপক্ষ ত্রস্ত থাকবে- ব্রাজিলের খেলা মানেই দর্শকদের এমন প্রত্যাশা। প্রতিপক্ষ যদি হয় মরক্কোর মতো আফ্রিকার কোনো দেশ, তবে তো কথাই নেই। ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলে; দীর্ঘ ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে অপরাজিত সেলেসাওরা, যার মধ্যে ড্র ছিল মাত্র তিনটি ম্যাচে। এবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেই অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রাখলেও, মরক্কোর বিপক্ষে ১-১ গোলের স্বস্তির সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির শীর্ষ শিষ্যদের। ম্যাচজুড়ে জয়ের মতো খুব বেশি সুযোগই তৈরি করতে পারেননি ভিনিসিউস জুনিয়র-রাফিনিয়ারা।
রোববার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধের শুরু থেকেই চাপে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ব্রাজিলিয়ান গোলবার লক্ষ্য করে একের পর এক শট নিতে থাকে আফ্রিকান প্রতিনিধি মরক্কো। ব্রাজিলের রক্ষণ দেওয়ালে তা বারবার আটকালেও, ২১ মিনিটের এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের জবাব দিতে পারেননি গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মার্কিনিওসরা। রিয়াল মাদ্রিদে খেলা ব্রাহিম দিয়াজের দারুণ এক থ্রু পাস ধরে আলিসনের জালে বল পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন স্ট্রাইকার ইসমাইল সাইবারি।
পিছিয়ে পড়ার পর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ৩২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল শোধ করেন ভিনিসিউস জুনিয়র। মিডফিল্ডার ব্রুনো গিমারেজ বক্সের বাঁ প্রান্তে থ্রু দিলে, বল ধরে দারুণ দক্ষতায় মরক্কোর ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোরের ওপর শট নেন ভিনি। তার এই বুলেট গতির শটে প্রতিক্রিয়া দেখানোর সময়টুকুও পাননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে দলের অভিজ্ঞ সদস্য কাসেমিরোকে তুলে নিয়ে ফাবিনহোকে মাঠে নামান ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানো ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। ফাবিনহো ম্যাচের গতি কমাতে সক্ষম হলেও, আক্রমণে সেই চিরচেনা ব্রাজিলকে আর দেখা যায়নি। উল্টো প্রথমার্ধে ৫৪ শতাংশ বল দখলে রাখা ব্রাজিল ম্যাচ শেষ করেছে ৫২ শতাংশ বল পায়ে রেখে।
ফিফা র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা মরক্কো পুরো ম্যাচেই ব্রাজিলের চোখে চোখ রেখে আক্রমণ শানিয়েছে। ম্যাচে গোলমুখে ব্রাজিলের চেয়ে একটি বেশি, মোট ১৪টি শট নিয়েছে তারা। যদিও ওই একটি গোল আদায় করা ছাড়া গোলরক্ষক আলিসনকে সেভাবে আর কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি আফ্রিকার দলটি।
অন্যদিকে, ব্রাজিল বলার মতো শট নিতে পেরেছে মাত্র তিনটি। এর মধ্যে প্রথমার্ধের শেষ বাঁশির আগে লুকাস পাকেতার নেওয়া শটটি ছিল গোল হওয়ার মতো। এ ছাড়া দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে রাফিনিয়াকে গোল করার মতো একটি চমৎকার ক্রস দিয়েছিলেন ভিনিসিউস, যা কাজে লাগাতে ব্যর্থ হন বার্সেলোনার এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করল দুই দল।

