বিএনপির নেতাকর্মীদের মধ্যে মতপার্থক্য থাকলেও দল ও মানুষের বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা অডিটোরিয়ামে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলুর সভাপতিত্বে সভায় সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা সঞ্চালনা করেন। এতে উপজেলা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। নেতাকর্মীরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামো, পারস্পরিক সমন্বয় এবং দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটির একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম থেকে দূরে রয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
এছাড়া উপজেলার সব ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর এখনো নতুন কমিটি গঠন না হওয়ায় ইউনিয়ন পর্যায়েও সাংগঠনিক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা জানান। দ্রুত উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং ইউনিয়নসহ সব ইউনিটের কমিটি গঠনের দাবি জানান তারা।
দলের সাথে দীর্ঘদিন ধরে থাকা ত্যাগী, সক্রিয় ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের যোগ্যতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে কমিটিতে মূল্যায়নের দাবিও জানান বক্তারা।
সভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে মত ও পছন্দের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে দল ও মানুষের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।
তিনি স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা ও বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, ফেনী জেলা বিএনপির সদস্য রবিউল হক শিমুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কামরুন নাহার কনা এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সক্রিয় করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক যোগাযোগ জোরদারের বিষয়েও মতামত দেন তারা।


