সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকার পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিকে কোরআনের প্রাথমিক লিখন ও সংরক্ষণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
রবিবাবার (৩০ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রদর্শিত পাণ্ডুলিপিতে সূরা মারইয়ামের একটি অংশ রয়েছে। প্রাণীর চামড়ার ওপর লাল কালিতে লেখা পাণ্ডুলিপিটির অক্ষরে কোনো হরকত বা নুকতা নেই। প্রাচীন যুগের কোরআনের পাণ্ডুলিপিতে এ ধরনের হরকত ও নুকতাবিহীন লিখনপদ্ধতি প্রচলিত ছিল।
পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের কোরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ এবং ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে কোরআন সংরক্ষণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছে।
মক্কার হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পবিত্র কোরআন জাদুঘর। এখানে কোরআনের ইতিহাস, প্রাচীন পাণ্ডুলিপি এবং সংরক্ষণের বিভিন্ন ধাপ সম্পর্কে জানার সুযোগ রয়েছে।
জাদুঘরে বিরল পাণ্ডুলিপি ও ঐতিহাসিক কোরআনের পাশাপাশি বিভিন্ন দৃশ্য-প্রদর্শনী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোরআনের ইতিহাস তুলে ধরা হয়।
হেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত হেরা সাংস্কৃতিক এলাকার অংশ হিসেবে জাদুঘরটি ওহি অবতীর্ণ হওয়ার ঐতিহাসিক স্থানের সঙ্গে দর্শনার্থীদের জ্ঞানগত ও সাংস্কৃতিক সংযোগ তৈরি করছে। ফলে মক্কায় আগত মুসল্লি ও হজযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাও সমৃদ্ধ হচ্ছে।



