শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক, শ্রমিক, মেহনতি ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত এই নেতার প্রয়াণের পাঁচ দশক পূর্ণ হলো।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।
বাংলার রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী ছিলেন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম-প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের অধিকার এবং ন্যায়বিচারকে প্রাধান্য দিয়েছেন তিনি।
কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ভাসানী। তার রাজনৈতিক দর্শনে স্বাধীনতা কেবল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং অর্থনৈতিক মুক্তি, সামাজিক সাম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাও ছিল এর গুরুত্বপূর্ণ অংশ।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন তিনি। পরবর্তী সময়ে সমাজের বৈষম্য, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজনীতিতে যুক্ত হন।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি ও শোষণের বিরুদ্ধে আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন ভাসানী। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সাথেও যুক্ত ছিলেন তিনি।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবারও সক্রিয় হন। স্বাধীন বাংলাদেশের সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য, গণতান্ত্রিক জবাবদিহি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি জানান। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান মওলানা ভাসানী। মৃত্যুর ৫০ বছর পরও শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার রাজনৈতিক দর্শন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম স্মরণ করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে। আজ ১৭ নভেম্বর মেলার শেষ দিন।


