ভোলার লালমোহন উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনের একটি পানের দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন কার্যালয়ের সামনের একটি পানের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পানের দোকানটি পুড়ে যায়।
এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তার দাবি, গোপালগঞ্জ থেকে শুরু হওয়া তাণ্ডব সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


