স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম ফের চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটাররা আগের নিয়মে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনলাইন সেবাও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল ইসি। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে ফের এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাইপূর্বক ইস্যু ও নিষ্পত্তি করতে হবে।
এদিকে প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে এরই মধ্যে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি।
যেভাবে আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করবেন
১. আবেদন ফরম গ্রহণ ও দাখিল:
আবেদনকারী ভোটাররা মাঠপর্যায়ের উপজেলা/থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে সরাসরি পূর্বের নিয়ম অনুযায়ী স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন।
২. অনলাইন লিংকের মাধ্যমে:
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার স্থানান্তরের লিংক সচল/চালুকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ফলে অনলাইন সেবা সচল হওয়ার পর আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
৩. যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ:
আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয় কর্তৃক তথ্য যাচাই-বাছাই করে স্থানান্তরের আবেদন নিষ্পত্তিকরণ ও প্রয়োজনীয় তথ্য আপডেট বা ইস্যু করা হবে।
সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সমগ্র স্থানান্তর কার্যক্রম সঠিকভাবে তদারকি করার নির্দেশনা প্রদান করা হয়েছে।



