...|...|...

বিনোদন

ভেনিসে ইতিহাস গড়লেন রুবাইয়াত, তবুও যে কারণে হতাশ ফারুকী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, সকাল ১১:০৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ৩:০৯
Shares
ভেনিসে ইতিহাস গড়লেন রুবাইয়াত, তবুও যে কারণে হতাশ ফারুকী

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে স্থান পেল-যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে মনে করা হচ্ছে।

তবে এমন গুরুত্বপূর্ণ অর্জন দেশে যতটা আলোচনার জন্ম দেওয়ার কথা ছিল, ততটা হয়নি বলে মনে করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

ফারুকী তার পোস্টে লেখেন, ভেনিস পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। সেখানে রুবাইয়াতের ছবি নির্বাচিত হইছে। ম্যাসিভ, ম্যাসিভ নিউজ এটা। কিন্তু এটা নিয়া কোনো সাড়া-শব্দ নাই। কবরের মতো নীরবতা আমাদের পাড়ায়। আমি অনেস্টলি বেশ অবাক হইছি। নিউজটা কি সবার চোখ এড়ায়া গেলো?

তার মতে, একজন নির্মাতার আন্তর্জাতিক সাফল্য আসলে পুরো দেশের চলচ্চিত্র শিল্পেরই অর্জন। বিচ্ছিন্নভাবে নয়, বরং সম্মিলিত উদ্‌যাপনের মধ্য দিয়েই একটি বড় জোয়ার তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, রুবাইয়াতের এই সাফল্য গোটা শিল্পের অগ্রযাত্রাকে নতুন গতি দেবে।

নিজের বক্তব্যের সমর্থনে ফারুকী অস্কার কর্তৃপক্ষের একটি নতুন নীতিমালার তথ্যও তুলে ধরেন, যেখানে বলা হয়েছে-কান, ভেনিস, বার্লিন, সানড্যান্স, বুসান ও টরন্টোসহ বিশ্বের ছয়টি শীর্ষস্থানীয় চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো সরাসরি অস্কারের বিবেচনায় আসার সুযোগ পাবে। ভেনিসের আন্তর্জাতিক গুরুত্ব বোঝাতে এটিও একটি বড় ইঙ্গিত বলে মনে করেন তিনি।

আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে বসছে উৎসবের ৮৩তম আসর। সেখানেই বিশ্ব প্রিমিয়ার হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর।

মনস্তাত্ত্বিক হররধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে।

ফ্রান্সের প্রযোজনা প্রতিষ্ঠান Les Films de l’Après-Midi-এর ব্যানারে নির্মিত সিনেমাটি বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে এটি ইউরিমাজ, ফ্রান্সের সিএনসি, পর্তুগালের আইসিএ, ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের আর্থিক সহায়তা পেয়েছে।

এই অর্জনের প্রতিক্রিয়ায় রুবাইয়াত হোসেন বলেন, ‘বহু বছরের শ্রম, ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাস নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের পেছনে রয়েছে পুরো টিমের অবদান।’ সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, এই অর্জন যেন সামনের পথ আরও সুন্দর করে তোলে।