...|...|...

ঢাকা

ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী

ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ১:১৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:২৪
Shares
ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রবেশ করার সময় ধরা পড়েছেন এক ভুয়া সেনা কর্মকর্তা। তার প্রকৃত পরিচয়, তিনি একজন অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল। নাম আবু কায়সার চৌধুরী।

রোববার (১৫ জুন) ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইস্পাহানি ইসলামের কক্ষে প্রবেশ করে নিজের ভিজিটিং কার্ড দিতে চান অভিযুক্ত ব্যক্তি। পরিচয় জানতে চাইলে নিজেকে সেনাবাহিনীর একজন মেজর এবং ৩০ বিএমএ লং কোর্সের কর্মকর্তা বলে দাবি করেন তিনি।

তবে কক্ষে উপস্থিত থাকা সাবেক এক ব্রিগেডিয়ার জেনারেলের নজরে এলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। তার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে একপর্যায়ে আবু কায়সার স্বীকার করেন, তিনি কখনো মেজর ছিলেন না বরং সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাপারটি নিশ্চিত করে ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানি ইসলাম বলেন, “ব্যক্তিটি আমার রুমে এসে বারবার নিজেকে মেজর পরিচয় দিচ্ছিল। আমার রুমে থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বিষয়টি বুঝতে পেরে জিজ্ঞাসাবাদ করেন এবং তখনই সে স্বীকার করে মেজর নয়, ল্যান্স করপোরাল ছিলেন।”

তিনি আরও বলেন, “বিষয়টি সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আমরা সঙ্গে সঙ্গে সেনা ক্যাম্পে যোগাযোগ করি। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এসে তাকে আটক করে নিয়ে যায়।”

ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।