...|...|...

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪০
Shares
ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমক

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ সাজাতে গিয়ে বড় চমক দেখিয়েছেন কোচ থমাস ডুলি।

রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এই ম্যাচে দেখা যেতে পারে স্ট্রাইকারের ভূমিকায়। একই সাথে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচটির একাদশে ইন্দোনেশিয়া ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এনেছেন ডুলি। হামজা চৌধুরী এখনো ঢাকায় না পৌঁছানোয় এই ম্যাচে খেলতে পারছেন না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে তাকে পাওয়ার আশা রয়েছে।

এদিকে একাদশ থেকে বাদ পড়েছেন শুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন তপু, বিশ্বনাথ ও ফাহিম।

রোনান সুলিভান না থাকায় বাংলাদেশের আক্রমণভাগে স্ট্রাইকার সংকট তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণে ভিন্ন কৌশল বেছে নিয়েছেন কোচ। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নাম্বার নাইন পজিশনে খেলাতে পারেন তিনি। এর আগে সান মারিনোর বিপক্ষেও স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার।

আজকের ম্যাচে রক্ষণভাগের নেতৃত্বে থাকছেন তপু বর্মণ। তার সাথে ডিফেন্স সামলাবেন জায়ান আহমেদ, সাদ উদ্দীন ও জিদান ইউসুফ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকছেন তারিক কাজী। মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গী হবেন সমিত সোম।

এছাড়া আক্রমণভাগে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে থাকবেন বিশ্বনাথ ঘোষ। গোলবারের নিচে বিশ্বস্ততার প্রতীক হয়ে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান শ্রাবণ।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তপু বর্মণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, সমিত সোম, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিম।