...|...|...

ক্যাম্পাস

ভিসি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধ্যাপক কামরুল আহসানকে

জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৮
Shares
ভিসি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধ্যাপক কামরুল আহসানকে

অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে তাকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা অনুসরণ করা হয়েছে।

অব্যাহতির পাশাপাশি অধ্যাপক কামরুল আহসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল পদে যোগদানের অনুমতিও দেওয়া হয়েছে।