সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির আওতাভুক্ত প্রতিটি ফোঁটা পানি পাকিস্তানের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমানা বলে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান শান্তি চায় উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষায় কোনো আঘাত এলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু-র প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ অনুষ্ঠানে ভাষণ দেন শাহবাজ শরিফ।
সেখানে তিনি বলেন, ‘পাকিস্তান যুদ্ধ নয়, শান্তি চায়। তবে আমাদের এই শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। অঞ্চলটিতে পাকিস্তান শান্তির জামিনদার হিসেবে ভূমিকা রাখছে। তবে সার্বভৌমত্বে আঘাত আসলে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
গত বছরের মে মাসের সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি এবার আমাদের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করে, তবে তারা ২০২৫ সালের মে মাসের চেয়েও ভয়াবহ জবাব পাবে।’
পাকিস্তানি প্রধানমন্ত্রীর দাবি, গত বছরের সংঘাতে নিজেদের ব্যর্থতা ঢাকতেই নয়াদিল্লি একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। ভারতকে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের পানির প্রতিটা ফোঁটা এক-একটি রেড লাইন। ভারত সঠিক পথে না চললে আমরা সরাসরি জবাব দেব।’
তবে শাহবাজ শরিফের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে দিল্লির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। সেই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাকিস্তান শুরু থেকেই সেই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং পানির ন্যায্য হিস্যা বন্ধ করার পদক্ষেপকে ‘যুদ্ধের শামিল’ বলে সতর্ক করে আসছে।

