...|...|...

সারাদেশ

জামায়াত আমির

ভারত থেকে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র ঢুকলে সরকার থেকে লাভ কী

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
ভারত থেকে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র ঢুকলে সরকার থেকে লাভ কী

বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: টাইমস টুডে

বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে এতে সরকার থেকে লাভ কী, সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হয় না।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউজ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিদেশি হস্তক্ষেপ বা অনুপ্রবেশের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, সীমান্ত যদি অরক্ষিত থাকে, তাহলে দেশের ভেতরে যতই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকুক, অপরাধ দমন করা সম্ভব হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, স্থানীয় নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে। আমরা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করছি। অবস্থা ও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই যথাসময়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি বলেন, আমরা চাই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরি হোক। স্থানীয় নির্বাচনও সেই পরিবেশের অংশ। জনগণ যদি ভোট দিতে পারে এবং তাদের রায় প্রতিফলিত হয়, তাহলে জামায়াতে ইসলামী অবশ্যই নির্বাচনে অংশ নেবে।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং বৈদেশিক নীতি বিষয়ে নানা প্রশ্ন করেন। আমীরে জামায়াত সকল প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অবাধ স্বাধীনতা ও সঠিক তথ্য প্রকাশের প্রতি জোর দেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের কলম যেন সত্যের পক্ষে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল), মো. ফখরুল ইসলাম (আমির, সিলেট মহানগর), ইঞ্জিনিয়ার শাহেদ আলী (আমির, সিলেট জেলা), ইয়ামীন আলী (সাধারণ সম্পাদক, সিলেট জেলা), মাওলানা মোখলেছুর রহমান (আমির, হবিগঞ্জ জেলা) সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকস দল 'গার্ড অব অনার' প্রদান করে। পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ও ঐতিহাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।