ভারতের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত বহুপাক্ষিক যৌথ বিমান মহড়া ‘তরং শক্তি’-তে অংশ নিতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির ছয়টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। একই সাথে এই মিশনে যোগ দিতে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে পৌঁছেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
মার্কিন রাষ্ট্রদূত তার পোস্টে লিখেছেন, আমেরিকান বিমানবাহিনী এখন যোধপুরে! ভারতের প্রথম ‘তরং শক্তি’ মহড়ায় অংশ নিতে ছয়টি এফ-৩৫ ও ২০০ জন বিমানসেনা ভারতে এসেছে। ভারতীয় বিমানবাহিনী (IAF) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর মহড়ায় অংশ নেওয়া দেখতে আমি অত্যন্ত আনন্দিত।
নিজের এই বার্তার সাথে মার্কিন মাল্টি-রোল স্টিলথ যুদ্ধবিমানগুলোর বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।
এর আগে, গত মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী জানিয়েছিল যে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে ‘তরং শক্তি’ মহড়ার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে। এবারের মহড়ায় মোট সাতটি বিদেশি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।
ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন এবং বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও প্রযুক্তিগত বোঝাপড়া বাড়াতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ায় ভারত তার নিজস্ব শক্তির প্রদর্শনী হিসেবে রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সু-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলো প্রদর্শন করবে।


