...|...|...

ঢাকা

ভাঙ্গায় চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৩৩
Shares
ভাঙ্গায় চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে ঢুকে পড়েছে একটি মোটরসাইকেল। ভয়াবহ এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। তারা বাবনাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে নিচে আটকে নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।