...|...|...

শিক্ষা

ভর্তি পরীক্ষা পেছাল রাবি, আগের সূচিতেই বুয়েট; বিশেষ সুযোগ দেবে জবি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:১২
Shares
ভর্তি পরীক্ষা পেছাল রাবি, আগের সূচিতেই বুয়েট; বিশেষ সুযোগ দেবে জবি

ভর্তি পরীক্ষা। ছবি: সংগৃহীত

এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে সময়সূচি পরিবর্তন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগের ঘোষিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। 

ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও বুয়েটে ভর্তির সুযোগ পাবেন না সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ও পূর্বঘোষিত সময়সূচি বহাল রেখেছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ এ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা তাদের প্রতিনিধিদের সাথে সভা হয়। সভায় আগামী জানুয়ারি থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ভর্তি কার্যক্রমের সময়সূচি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত উপকমিটির বুধবারের সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবার রাবিতে ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন। এর আগে আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

বুয়েট সিদ্ধান্ত বদলাবে না

অন্যদিকে বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক বলেন, ওই সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয়টির একটি সূত্র জানিয়েছে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষার আগের সূচি পরিবর্তন করছে না। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পূর্বঘোষিত সিদ্ধান্ত বহাল রাখার কথা জানানো হয়। সে অনুযায়ী, ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ দিন। আর ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর।

সম্পূরক পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ সুযোগ

অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হবে এসএসসির ফলের ভিত্তিতে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, এই পরীক্ষার্থীরা এসএসসি ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে যদি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যোগ্য না হলে পারবেন না।