চলতি বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে গেছে। আকস্মিক এই বিদায়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফুটবলপ্রেমীদের কাছে আবারও দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেই সাথে ভবিষ্যতে দেশের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
গতকাল শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ভিনিসিয়ুস নিজের অনুভূতি প্রকাশ করেন।
তিনি জানান, বিশ্বকাপ থেকে এভাবে ছিটকে পড়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজেকে সামলে নিতে এবং পুরো বিষয়টি উপলব্ধি করতে তার কয়েকটা দিন সময়ের প্রয়োজন ছিল। মাঠ ও মাঠের বাইরে সব বয়সী মানুষের আকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে তার চুপ করে থাকাটা ঠিক হতো না।
ভিনিসিয়ুস আরও বলেন, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি জানি, এই বিশ্বকাপের জন্য আমরা কতটা নিবিড় প্রস্তুতি নিয়েছিলাম এবং কতটা মনোযোগী ছিলাম। আমার পরিবার এবং কোটি ভক্তদের মুখে হাসি ফোটাতে আমি মনে-প্রাণে এই সাফল্য চেয়েছিলাম।
দলের শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও লক্ষ্য পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি যোগ করেন, বিশ্বকাপে অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল ছিল আমাদের, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। এই ব্যর্থতার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। তবে আমাদের যে স্বপ্ন- ব্রাজিলকে আবারও ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনা, সেই স্বপ্ন পূরণের জন্য আমি লড়াই থামাব না।


