চলতি ২০২৬ মৌসুমে ব্রাজিল জাতীয় দলের শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার তারিখ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ২৯ অক্টোবর রিও ডি জেনেইরোতে সংবাদ সম্মেলনে দল উন্মোচন করবেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলোত্তি।
আগামী নভেম্বরে সিঙ্গাপুর ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ৫৫ হাজার আসনবিশিষ্ট ঐতিহাসিক ন্যাশনাল স্টেডিয়ামে।
১৪ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার পর ১৭ নভেম্বর এশিয়ান পরাশক্তি জাপানের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। ২০২৬ সালে এটিই হতে যাচ্ছে কার্লো আনচেলোত্তির শিষ্যদের শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।
বিশ্বকাপের নতুন চক্রে তরুণদের ঝালিয়ে নিতে এই দুই ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন আনচেলোত্তি। গত ফিফা উইন্ডোতে বিশ্বকাপের অভিজ্ঞ আট তারকার সঙ্গে ৯ জন নতুন মুখকে ডেকেছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আসন্ন স্কোয়াডেও নতুন চমক থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।
সেরা একাদশ গঠনে কোনো ছাড় দিচ্ছেন না ব্রাজিলিয়ান কোচিং স্টাফরা।মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে স্থানীয় ও ইউরোপীয় ফুটবলে ব্রাজিলের সম্ভাব্য তারকাদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চূড়ান্ত দল ঘোষণার আগে কোচিং স্টাফরা মাঠে বসে সরাসরি ১৩টি ম্যাচ দেখার পরিকল্পনা করেছেন।
ইতোমধ্যে ফ্লুমিনেন্স ও পালমেইরাসের কোপা লিবার্তাদোরেস সেমিফাইনাল এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চারটি ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন তারা।
উল্লেখযোগ্য বিষয় হলো, নভেম্বরের শেষ প্রতিপক্ষ জাপান গত দুই বছরে আনচেলোত্তির ব্রাজিলকে বেশ ভালোই পরীক্ষা জানিয়েছে। গত বছর টোকিওতে জাপানিদের কাছে ৩-২ গোলে হেরেছিল সেলেসাওরা। তবে চলতি বছর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে এশীয় দলটিকে ২-১ ব্যবধানে হারিয়ে সেই হারের প্রতিশোধ নেয় ব্রাজিল।


