বার্সেলোনার হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আগেই। এবার ব্রাজিল জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনহোসের অনুপস্থিতিতে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক হিসেবে দেখা যাবে এই ফরোয়ার্ডকে। সবকিছু ঠিক থাকলে শনিবারই নতুন এই দায়িত্বে অভিষেক হবে তার।
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে রয়েছেন রাফিনিয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বিপক্ষে ম্যাচে তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ।
নিয়মিত অধিনায়ক মারকুইনহোস চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পান এই ডিফেন্ডার। ২০২১ সাল থেকে ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তার অনুপস্থিতিতেই রাফিনিয়ার হাতে উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
জাতীয় দলের নেতৃত্ব অবশ্য এবারই প্রথম পাচ্ছেন না রাফিনিয়া। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ব্রাজিলের অধিনায়কত্ব করেছিলেন তিনি।
মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, অধিনায়ক নির্বাচনের আলোচনায় ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও ছিল। তবে শেষ পর্যন্ত রাফিনিয়াকেই বেছে নিয়েছে কোচিং স্টাফ। তিনি মাঠে না থাকলে নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারায়েস।


