...|...|...

খেলা

ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান জানালেন হ্যারি কেইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৮
Shares
ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান জানালেন হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের জার্সিতে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ৭৩ গোল করে ব্যক্তিগতভাবে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের আলোচনায় উঠে এসেছে তার নাম। তবে পুরস্কারটি নিয়ে অতিরিক্ত ভাবতে রাজি নন কেইন।

নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবে ২০২৫-২৬ সময়টিকেই দেখছেন কেইন। ব্যক্তিগত গোলের পাশাপাশি দলীয় সাফল্যেও সন্তুষ্ট তিনি। এক মৌসুমে ৭৩ গোল করে ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর এত বেশি গোল করার কীর্তি গড়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে কেইন বলেন, নিজের প্রশংসা করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে ব্যক্তিগত ও দলীয়—দুই দিক থেকেই গত মৌসুমকে অসাধারণ বলে উল্লেখ করেন তিনি।

ক্যারিয়ারের সেরা মৌসুম কোনটি—এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘বিনা দ্বিধায় বলা যায়, এটিই ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।’

৭৩ গোলের অসাধারণ রেকর্ডের পর ব্যালন ডি’অর আলোচনায় কেইনের নাম আসাটাও স্বাভাবিক। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর কোনো ইংলিশ ফুটবলার এই পুরস্কার জিততে পারেননি। এবার কেইনের সাথে আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিন ইয়ামাল।

তবে ব্যালন ডি’অর নিয়ে নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে বেশি ভাবতে চান না কেইন। তার মতে, নিজের পারফরম্যান্সের জায়গাটি তিনি পূরণ করেছেন; পুরস্কারটি কার হাতে যাবে, সেটি ভোটারদের সিদ্ধান্ত।

৭৩ গোলের রেকর্ড নিয়ে গর্বিত কেইন বলেন, এত গোল করতে পেরে তিনি আনন্দিত। তবে ব্যালন ডি’অর জেতার বিষয়টি তার হাতে নেই। গত মৌসুমকে পেছনে ফেলে এখন তার মনোযোগ নতুন মৌসুমের দিকে।

কেইনের কথায়, পুরোনো অর্জন নিয়ে পড়ে না থেকে সামনে আরও কী কী সাফল্য অর্জন করা যায়, সেটিই এখন তার প্রধান লক্ষ্য।

আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। তার আগে কেইন, এমবাপ্পে ও ইয়ামালকে ঘিরে পুরস্কারটির আলোচনা আরও জমে উঠেছে।