ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপে। তবে সেই স্বপ্নপূরণের পথে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় হতাশ ফরাসি এই তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা যেমন লামিন ইয়ামালের পাশে দাঁড়িয়েছে, রিয়াল মাদ্রিদ তার ক্ষেত্রে তেমনটা করছে না বলে মনে করছেন এমবাপে। এ নিয়ে ক্লাবের সাথে তার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভোর বরাত দিয়ে ফরাসি ওয়েবসাইট ফুট মেরকাটো জানিয়েছে, ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যে রিয়াল মাদ্রিদের প্রচারণা এমবাপের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যক্তিগত এই পুরস্কারের দৌড়ে ক্লাবের কাছ থেকে আরও জোরালো সমর্থন চেয়েছিলেন তিনি। কোচ হোসে মরিনিওর সমর্থন থাকলেও সামগ্রিক পরিস্থিতিতে অসন্তুষ্ট ফরাসি ফরোয়ার্ড।
বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপে। ক্লাবের ক্রীড়া প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাও ছিল তার লক্ষ্য। কিন্তু ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ক্লাবের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় দলের ভেতরে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তার।
এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পর প্যারিস ও সুইজারল্যান্ডে ছুটি কাটানো নিয়েও সমালোচনার মুখে পড়েছেন এমবাপে। ক্লাবের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার হতাশার সাথে সমর্থকদের সমালোচনাও যোগ হয়েছে। ফলে মাঠে পারফরম্যান্সের মাধ্যমে সমালোচনার জবাব দিতে চাইবেন এই ফরাসি তারকা।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন এমবাপে। একই সাথে রিয়াল মাদ্রিদের নীতিনির্ধারকদের সাথে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠাও তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যালন ডি’অর জয়ের ব্যক্তিগত স্বপ্ন পূরণে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের সমর্থন কতটা পান, এখন সেটিই দেখার বিষয়।


