...|...|...

খেলা

ব্যাটিংয়ে ঝড় তুলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৭
Shares
ব্যাটিংয়ে ঝড় তুলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েও জয় পেল না বাংলাদেশ চ্যাম্পিয়নস। তার ৯৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান তুলেছিল বাংলাদেশ। তবে ক্রিস গেইল ও চ্যাডউইক ওয়ালটনের বিধ্বংসী ব্যাটিংয়ে লক্ষ্য সহজেই টপকে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস।

শুক্রবার (৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই ২১৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় ক্যারিবীয় কিংবদন্তিরা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১২ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। তবে অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন রনি তালুকদার।

ফজলে মাহমুদের সাথে দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন রনি। ২২ বলে ৩৬ রান করে ফজলে আউট হলেও থামেনি রনির ব্যাটের ঝড়। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর সাথে ২৮ বলে ৫৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন তিনি।

সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চার রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় রনিকে। ৫৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৯৬ রান করেন তিনি। মাহমুদউল্লাহ ২১ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে জিয়াউর রহমানের অপরাজিত ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রায়াদ এমরিট দুটি উইকেট নেন। ডোয়াইন ব্রাভো ও রেমন রেইফার পান একটি করে উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ক্রিস গেইল ও লেন্ডল সিমন্স। উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ বলে ৬৭ রান যোগ করেন তারা। ১১ বলে ২০ রান করে সিমন্স ফিরলেও বাংলাদেশের বোলারদের ওপর চাপ ধরে রাখেন গেইল।

ক্যারিবীয় অধিনায়ক মাত্র ২৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন। ৮.১ ওভারে ১০৫ রানের মাথায় গেইল আউট হলেও ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি কমেনি।

এরপর চ্যাডউইক ওয়ালটনের ব্যাটে আরও কঠিন হয়ে ওঠে বাংলাদেশের জয়। একপ্রান্তে অবিচল থেকে ৪৩ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ৯০ রান করেন তিনি। রেমন রেইফারের ১৫ বলে ২০ এবং জারমেইন ব্ল্যাকউডের ১১ বলে ১৪ রানও জয়ের পথ সহজ করে দেয়।

শেষদিকে ডোয়াইন ব্রাভো অপরাজিত ৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯.১ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম তিনটি এবং এনামুল হক জুনিয়র দুটি উইকেট নেন।