...|...|...

জাতীয়

বেড়েছে মাছ ও সবজির দাম, কমেছে সয়াবিনের সরবরাহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
বেড়েছে মাছ ও সবজির দাম, কমেছে সয়াবিনের সরবরাহ

জ্বালানি তেলের দাম বাড়ার কয়েক দিনের মধ্যেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে মাছ ও বিভিন্ন সবজির দাম। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত এবং মাছের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহও কমে গেছে। পাঁচ লিটারের বোতলের সরবরাহেও কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

গত রবিবার দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে পেট্রল ১৬০ টাকা ও অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ার পর পণ্য পরিবহনের ট্রাকভাড়াও বেড়েছে। এতে উৎপাদনস্থল থেকে পাইকারি এবং পাইকারি থেকে খুচরা বাজার সব পর্যায়েই পরিবহন ব্যয়ের প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজারে বেশ কয়েক ধরনের সবজির দাম গত কয়েক দিনে কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। চার দিন আগে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন এখন ১০০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটোল, কাঁকরোল ও বরবটির দামও বেড়েছে। আগে এসব সবজি প্রায় ৮০ টাকা কেজি দরে পাওয়া গেলেও এখন ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। শিং মাছের দাম ৩০ থেকে ৫০ টাকা বেড়ে কেজিপ্রতি প্রায় ৫০০ টাকায় উঠেছে।

এ ছাড়া কই, পাবদা, চিংড়ি, তেলাপিয়া, পাঙাশ ও রুই মাছের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এদিকে গত এক মাসে খোলা আটার দাম কেজিতে প্রায় ৫ টাকা এবং ময়দার দাম ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে খোলা আটা কেজি ৫০ টাকা এবং ময়দা ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, প্রায় দেড় মাস ধরে এ দামেই মুরগি ও ডিম বিক্রি হচ্ছে।

মাছ-সবজির পাশাপাশি বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ নিয়েও তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। পাঁচ লিটারের বোতলের সরবরাহও কিছুটা কমেছে।

চলতি মাসের শুরুতে ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায়। এরপর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত হয় ২০৪ টাকা।

বিক্রেতাদের দাবি, কোম্পানিগুলো বর্তমানে বাজারে তুলনামূলক কম পরিমাণে তেল সরবরাহ করছে। সরবরাহকারীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজধানীর সব বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একই মাত্রায় কমেনি।