...|...|...

সারাদেশ

বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়ার পর মিলল ইয়াবা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০১
Shares
বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়ার পর মিলল ইয়াবা

আটক হওয়া স্মৃতি ইসলাম হাওয়া। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে আটক হয়েছেন স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক তরুণী। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক স্মৃতি রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুরঝুরি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু পাওয়া যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা ও চাকুসহ ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।