জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির সব গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


