দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন বৃষ্টির বিস্তৃতি তুলনামূলক কম থাকার আভাস দিয়েছে অধিদফতর।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। পরদিন মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সীমিত থাকবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়।
তবে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার ও সোমবার তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়। এ সময়ে পাবনার ঈশ্বরদীতে ৩৮ মিলিমিটার, রাজশাহীতে ২৪, খুলনার কয়রায় ২১, টাঙ্গাইলে ১৬, বাঘাবাড়ীতে ১১, সিরাজগঞ্জের তাড়াশে ৯ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।


