বিয়ের ছয় মাস পূর্ণ হতে না হতেই ভক্তদের বাবা হওয়ার সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ দিনে তার ও তার স্ত্রীর কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ অবস্থায় বাড়িতে আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘বম্বে টাইমস’-কে আনন্দের সংবাদটি নিশ্চিত করে জুবিন বলেন, ‘আমি এখন এক পুত্রসন্তানের বাবা! গত ১৪ সেপ্টেম্বর আমাদের ছেলের জন্ম হয়েছে। মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছে এবং আমরা তাদের নিয়ে বাড়ি ফিরেছি।’
নবজাতকের নাম এখনো চূড়ান্ত করা হয়নি জানিয়ে এই গায়ক বলেন, নাম নিয়ে আপাতত ভাবছেন না, সন্তানকে ঘিরে সুন্দর মুহূর্তগুলোই পরিবারের সবাই মিলে উপভোগ করছেন।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে শৈশবের বান্ধবীকে গোপনে বিয়ে করেন জুবিন। হিমাচলের ঐতিহ্যবাহী গাড়োয়াল প্রথায় পারিবারিকভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে বলিউডি চাকচিক্য এড়িয়ে কেবল ঘনিষ্ঠ স্বজনরাই উপস্থিত ছিলেন। তবে স্ত্রী ও সন্তানের ছবি কিংবা স্ত্রীর নাম এখনো প্রকাশ্যে আনেননি এই জনপ্রিয় শিল্পী।
‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানের জন্য তুমুল পরিচিতি পান জুবিন নটিয়াল। এছাড়া তার গাওয়া ‘লুট গ্যায়ে’, ‘হামনাভা মেরে’র মতো জনপ্রিয় গান লাখো শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন।


