...|...|...

খেলা

এশিয়ান গেমসে ব্যর্থতা

বিসিবি ও কোচের মুখোমুখি অবস্থান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৩
Shares
বিসিবি ও কোচের মুখোমুখি অবস্থান

সারোয়ার ইমরান। ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপের পর এশিয়ান গেমসেও খালি হাতে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে ব্রোঞ্জ জিতলেও এবার নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানের বিরুদ্ধে ১৪৫ রান তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরে ছিটকে গেছে। জোড়া ব্যর্থতার পর এবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও কাদা-ছোড়াছুড়ি প্রকাশ্যে এসেছে।

অক্টোবরে প্রধান কোচ সারোয়ার ইমরানের সাথে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে। টুর্নামেন্টের মাঝেই অধিনায়ক জ্যোতি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলে দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়ে বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে প্রশ্ন করা হলে প্রধান কোচ সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন হেড কোচ আর ক্যাপ্টেনকে সাইজ করে দিলে ভালো পারফরম্যান্স কীভাবে আশা করেন?’

তবে প্রধান কোচের এই বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। কোচের এমন মন্তব্যের পর বিসিবি তার কাছে লিখিত কৈফিয়ত তলব করবে বলে জানিয়েছেন তিনি।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘চলতি টুর্নামেন্টের মধ্যে জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমরা হতাশ ও বিব্রত হয়েছিলাম। কিন্তু সারোয়ার ইমরান যে দাবি করেছেন—কাউকে সাইজ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি না জেনে কেন কথা বললেন, তার ব্যাখ্যা চাওয়া হবে।’

বিসিবি পরিচালক আরও অভিযোগ করে জানান, ক্রিকেটাররা বিভিন্ন সময়ে প্রধান কোচের খারাপ ব্যবহারের বিষয়েও অভিযোগ করেছিলেন।