...|...|...

সারাদেশ

বিষাক্ত কীটনাশকে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান নষ্ট

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
বিষাক্ত কীটনাশকে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান নষ্ট

বিষাক্ত কীটনাশকে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান নষ্ট। ছবি: টাইমস টুডে

মাদারীপুরের ডাসারে ইতালি প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। ধানের শীষ বের হওয়ার আগেই প্রায় দুই বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর স্বপ্ন ভেঙে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধূয়াসার মৌজায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জমির মালিক ইতালি প্রবাসী মেনাজুল আকনের স্ত্রী মিম আক্তার। অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বর একই এলাকার দক্ষিণ ধূয়াসার গ্রামের মানিক মাতুব্বরের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পরদিন সকালে জমিতে গিয়ে মিম আক্তার দেখতে পান, বিষাক্ত কীটনাশকের প্রভাবে ধানগাছগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। ধানের শীষ বের হওয়ার আগেই ফসল নষ্ট হওয়ায় এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মিম আক্তারের দাবি, ইব্রাহিম মাতুব্বরের সাথে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। এমনকি অভিযুক্তের জমিও তাদের জমির পাশে নয়। কারও প্ররোচনা বা লোভে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কায় ডাসার থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

ফসল নষ্টের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।