...|...|...

বিশ্ব

জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হচ্ছেন ৫ নারী, নিরাপদ নয় নিজের ঘরও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৯
Shares
বিশ্বে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হচ্ছেন ৫ নারী, নিরাপদ নয় নিজের ঘরও

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কিশোরী তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হচ্ছেন। একই সাথে প্রায় প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। অথচ এসব ঘটনার মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে জানানো হয়।

ইউএন উইমেন ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর (ইউএনওডিসি) প্রকাশিত দুটি সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০২৬ সালের ‘ফেমিসাইড ব্রিফ’ অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও কিশোরীর ৬০ শতাংশের মৃত্যুর পেছনে ছিলেন তাদের সঙ্গী বা পরিবারের সদস্যরা।

অন্যদিকে ইউএন উইমেনের ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভারস অব ভায়োলেন্স’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে আনুমানিক ৮৪ কোটি নারী ও কিশোরী জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। কিন্তু তাদের মাত্র ২৩ শতাংশ পরিবার, স্থানীয় সমাজ বা কর্তৃপক্ষের কাছে সহায়তা চান।

অভিযোগ জানাতেও ভয়

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুমবোনজভান্ডা বলেন, অনেক দেশেই নারীরা তাদের সুরক্ষার জন্য গড়ে ওঠা ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছেন।

তিনি বলেন, যেসব দেশে দীর্ঘ সময় ধরে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, সেখানে নীরবতা আরও গভীর হচ্ছে। আগের তুলনায় এখন কম নারী সহায়তা চাইছেন। আমরা পেছনের দিকে যাচ্ছি।

তার ভাষায়, বিশ্বের বিচারব্যবস্থা এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে নীরব থাকাই অনেক নারীর কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প হয়ে উঠছে।

তিনি আরও বলেন, কোনো নারী শারীরিক প্রমাণ দেখাতে না পারলেও বা নির্যাতনের প্রতিটি বিবরণ মনে করতে না পারলেও তার বক্তব্য বিশ্বাস করা জরুরি।

বিচার পর্যন্ত পৌঁছায় না অধিকাংশ মামলা

৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে ইউএন উইমেন দেখেছে, রিপোর্ট করা সহিংসতার ৬৩ থেকে ৯৭ শতাংশ ঘটনাই শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার পর্যায়ে পৌঁছায় না।

ইউএন উইমেনের ‘এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ বিভাগের প্রধান কাল্লিওপি মিনগেইরু বলেন, অনেক মামলা মাঝপথেই বিচারব্যবস্থা থেকে হারিয়ে যায়। নির্যাতিত নারীদের বারবার জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতির মুখে পড়তে হয়। ক্ষমতাবান অভিযুক্তদের অনেকেই শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হন না।

তিনি এ পরিস্থিতিকে দায়মুক্তির সংস্কৃতি হিসেবে বর্ণনা করেন।

এশিয়ায় সহায়তা চান মাত্র ১৬ শতাংশ

প্রতিবেদনে অঞ্চলভেদে বড় পার্থক্যও দেখা গেছে। এশিয়ায় সহিংসতার শিকার নারীদের মাত্র ১৬ শতাংশ সহায়তা চান। আফ্রিকায় এ হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নে ৬৪ শতাংশ নারী তাঁদের ঘনিষ্ঠ কারও কাছে নির্যাতনের কথা জানান, কিন্তু মাত্র ১৪ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেন।

অনলাইনেও বাড়ছে সহিংসতা

নারীদের বিরুদ্ধে সহিংসতা এখন অনলাইনেও ছড়িয়ে পড়ছে। ইউএন উইমেনের জরিপে জনজীবনে সক্রিয় নারী—যেমন মানবাধিকারকর্মী, অ্যাকটিভিস্ট ও সাংবাদিকদের ৭০ শতাংশ অনলাইন সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

মিনগেইরু সতর্ক করে বলেন, অনেক ক্ষেত্রে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পরিবর্তে নারীরাই অনলাইন ও জনপরিসর থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন।

গুমবোনজভান্ডা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এখন কয়েক সেকেন্ডের মধ্যেই নারীদের শরীর নিয়ে ভুয়া ‘ডিপফেক’ ছবি তৈরি করা সম্ভব। এসব ছবি একজন নারীকে সারা জীবন অনুসরণ করতে পারে।

সবচেয়ে ঝুঁকিতে আফ্রিকার নারীরা

সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সেখানে প্রতি এক লাখ নারী জনসংখ্যায় এমন হত্যার হার ২ দশমিক ৯।

এরপর আমেরিকায় ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মোট হত্যার হার কমলেও নারী হত্যার হার তুলনামূলক ধীরে কমছে।

২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকায় সাধারণ হত্যার হার নারী হত্যার হারের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত কমেছে। ইউরোপে এই হার প্রায় দেড় গুণ।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, ভয়াবহ সামাজিক মানসিকতা, সামাজিক রীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা এমন পরিবেশ তৈরি করে, যেখানে স্ত্রী, কন্যা, মা বা বোনকে হত্যা করাও যেন ‘সহনীয়’ হয়ে ওঠে।

২৫ নভেম্বর থেকে ১৬ দিনের প্রচারাভিযান

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে শুরু হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বার্ষিক ‘১৬ ডেজ অব অ্যাকটিভিজম’ কর্মসূচি। এটি চলবে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত।

এবারের প্রতিপাদ্য—‘নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তি বন্ধ করুন।’

ইউএন উইমেন ও ইউএনওডিসি সরকার, বেসরকারি খাত, জাতিসংঘ, গণমাধ্যম, নারী সংগঠন ও স্থানীয় সম্প্রদায়কে সহিংসতা প্রতিরোধ জোরদার, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

গুমবোনজভান্ডা পুলিশের প্রতি অভিযোগ গ্রহণ ও তদন্ত, আদালতের প্রতি ভুক্তভোগীদেরই কাঠগড়ায় না তোলা, সরকারের প্রতি নিরাপত্তামূলক সেবা নিশ্চিত এবং প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি অনলাইন সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভুক্তভোগী নারীদের উদ্দেশে তিনি বলেন, আপনাকে বিশ্বাসযোগ্য প্রমাণ করার দায় আপনার নয়। আমরা প্রতিবারই আপনাকে বিশ্বাস করি।