...|...|...

অন্যান্য

বিশ্বের সবচেয়ে সুখী দেশে বিনা খরচে ভ্রমণের সুযোগ, আবেদন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১১:৫০
Shares
বিশ্বের সবচেয়ে সুখী দেশে বিনা খরচে ভ্রমণের সুযোগ, আবেদন যেভাবে

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডে বিনা খরচে ঘুরে আসার সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা। তবে এই ভ্রমণ সাধারণ কোনো পর্যটন আয়োজন নয়, এর সঙ্গে যুক্ত থাকছে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ‘ব্লাইন্ড ডেট’ বা অন্ধ ডেটের আদলে আয়োজিত চার দিনের এই ভ্রমণে অংশ নিতে বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে বেছে নেওয়া হবে।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই উদ্যোগের আয়োজন করছে ফিনল্যান্ডের পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে আটজন যাবেন রাজধানী হেলসিঙ্কিতে, অন্য আটজনের গন্তব্য হবে তাম্পেরে। ভ্রমণের বিমানভাড়া, আবাসন, খাবার ও নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকেরা।

মূলত ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। টানা নয় বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেলেও দেশটির খাবারের সংস্কৃতি আন্তর্জাতিক পরিসরে নর্ডিক অঞ্চলের অন্য দেশগুলোর মতো পরিচিতি পায়নি। ভ্রমণের সঙ্গে খাবার ও পরিচিতির অভিজ্ঞতা যুক্ত করে সেই চিত্র বদলাতে চায় ভিজিট ফিনল্যান্ড।

এই উদ্যোগের পেছনে রয়েছে ফিনল্যান্ডের একটি পরিচিত ডেটিং প্রবণতা, যার নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’। দেশটির কিছু সুপারমার্কেটে অবিবাহিত ক্রেতারা গোলাপি রঙের ঝুড়ি ব্যবহার করেন। এর মাধ্যমে তারা অন্যদের জানান, নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবণতা জনপ্রিয় হওয়ার পর ধারণাটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেয় ভিজিট ফিনল্যান্ড।

২০ অক্টোবর এক ঘোষণায় বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ‘খাবার ফিনিশদের একত্র করে। আর এখন আমরা ভ্রমণকারীদের সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

ভ্রমণে কী কী থাকছে

চার দিনের এই আয়োজন চলবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। অংশগ্রহণকারীদের জন্য দুই শহরে আলাদা কর্মসূচি সাজানো হয়েছে। এতে থাকবে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, বাইরের বিভিন্ন কার্যক্রম, সনা ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ।

আয়োজনের অন্যতম আকর্ষণ হবে দলীয় নৈশভোজ। এতে আটজন আন্তর্জাতিক ভ্রমণকারীর সঙ্গে স্থানীয় দুজন অবিবাহিত ব্যক্তি অংশ নেবেন। খাবারের মেনু তৈরি করবেন ফিনল্যান্ডের পরিচিত শেফরা।

হেলসিঙ্কির নৈশভোজের খাবারের তালিকা তৈরি করেছেন ক্যাফে সাভয়ের প্রধান শেফ আদেল কিনুনেন। তিনি ফিনল্যান্ডের ‘মাস্টারশেফ প্রফেশনালস’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। তাম্পেরের জন্য মেনু সাজিয়েছেন গ্যোস্তা রেস্তোরাঁর উদ্যোক্তা হেনরি টিকানেন। তিনি ‘বোকুস দ’অর’ রন্ধনপ্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।

তবে আবেদনকারীরা নিজেদের পছন্দমতো শহর নির্বাচন করতে পারবেন না। ভিজিট ফিনল্যান্ড নির্বাচিত ব্যক্তিদের হেলসিঙ্কি বা তাম্পেরের যেকোনো একটিতে পাঠাবে। অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই তাদের গন্তব্য জানানো হবে।

নাম ‘ব্লাইন্ড ডেট’ হলেও এখানে কাউকে নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে জুটি করে দেওয়ার পরিকল্পনা নেই। বরং দলীয় নৈশভোজের মধ্য দিয়ে স্থানীয় ও বিদেশি অংশগ্রহণকারীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা হবে। এই ভ্রমণে গিয়ে কেউ রোমান্টিক সঙ্গী খুঁজে পাবেন, এমন নিশ্চয়তাও দিচ্ছে না আয়োজকেরা।

কারা আবেদন করতে পারবেন

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে ফিনল্যান্ডের নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা এই সুযোগের জন্য যোগ্য হবেন না।

আবেদনের জন্য প্রথমে ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে একটি প্রশ্নের—‘আপনি ডিনার ডেটে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। পোস্টের সঙ্গে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে। ইনস্টাগ্রামে @ourfinland, টিকটকে @visitfinland.com এবং ইউটিউবে @VisitFinland অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।

নিজেদের ডেটিংয়ের আগ্রহ সবার সামনে প্রকাশ করতে না চাইলে ইউটিউবে ভিডিওটি আনলিস্টেড হিসেবেও আপলোড করা যাবে। এ ক্ষেত্রে ভিডিওর লিংক যাদের কাছে থাকবে, শুধু তারাই সেটি দেখতে পারবেন। তবে ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও প্রকাশ করতে হবে সবার জন্য উন্মুক্তভাবে।

ভিডিও পোস্ট করার পর নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে সেখানে ভিডিওর লিংক দিতে হবে। বিচারকদের একটি প্যানেল আবেদনকারীদের সৃজনশীলতা, মৌলিকত্ব এবং প্রশ্নের উত্তরে ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরার ধরন বিবেচনা করে বিজয়ী নির্বাচন করবে। বিভিন্ন দেশ, বয়স ও পটভূমির মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করছে আয়োজকেরা। ভিডিও ও অডিও নিজের ধারণ করা হতে হবে।

আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট। যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সময়টি ভোর ৪টা ৫৯ মিনিট।

নির্বাচিত ১৬ জনকে ব্যক্তিগতভাবে জানানো হবে। আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। নির্বাচিতদের নিয়মিত ইমেইল দেখতে বলা হয়েছে। প্রকাশ্যে নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে কেউ যোগাযোগের উত্তর না দিলে তার পরিবর্তে অন্য আবেদনকারীকে সুযোগ দিতে পারবে আয়োজকেরা।