...|...|...

রাজধানী

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:১২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৫
Shares
বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতিতে ঢাকার বায়ুর মান আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার (৭ অক্টোবর) তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন ঢাকার বায়ুমান স্কোর ১৭৩, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২১০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

এদিকে ১৬৫ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে। ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমান স্কোরকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে দূষণের পাঁচটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।

বায়ুদূষণের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে।

বিশ্বব্যাপী বায়ুদূষণের কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে ডব্লিউএইচও।