...|...|...

খেলা

বিশ্বের দামি ক্লাবের তালিকায় রিয়ালের আধিপত্য, শীর্ষ দশে যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২৪
Shares
বিশ্বের দামি ক্লাবের তালিকায় রিয়ালের আধিপত্য, শীর্ষ দশে যারা

ছবি: সংগৃহীত

মাঠের সাফল্যে কিছুটা পিছিয়ে থাকলেও ব্যবসায়িক দৌড়ে এখনো সবার ওপরে রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে তারা। এক বছরে ক্লাবটির ব্র্যান্ড মূল্য ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪০ কোটি ইউরোতে।

আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ‘ব্র্যান্ড ফাইন্যান্স’ এর ২০২৬ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য রেকর্ড ২ হাজার ৩৯০ কোটি ইউরো এবং এন্টারপ্রাইজ ভ্যালু ৭ হাজার ৯৭০ কোটি ইউরোতে পৌঁছেছে। শীর্ষ ১০ ক্লাবই মোট ব্র্যান্ড মূল্যের ৬০ শতাংশের বেশি ধরে রেখেছে।

রিয়ালের পর দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তাদের ব্র্যান্ড মূল্য ২২৭ কোটি ৬০ লাখ ডলার। এবারের বড় চমক আর্সেনাল। ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয় ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সুবাদে পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো তিনে উঠেছে তারা। আর্সেনালের ব্র্যান্ড মূল্য ১৭৭ কোটি ২০ লাখ ডলার।

রিয়ালের বাণিজ্যিক সাফল্যে বড় ভূমিকা রেখেছে সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কার। ২০২৫-২৬ মৌসুমে পূর্ণ সক্ষমতায় স্টেডিয়াম ব্যবহারের পর টিকিট, আতিথেয়তা, মিউজিয়াম ও ট্যুর থেকে বেড়েছে আয়। সব মিলিয়ে ক্লাবটি ১২০ কোটি ইউরোর রেকর্ড রাজস্ব করেছে। এমবাপ্পে, বেলিংহাম ও ভিনিসিয়ুসের মতো তারকারাও ব্র্যান্ড শক্তি বাড়িয়েছেন।

বার্সেলোনার ব্র্যান্ড মূল্য এক বছরে ১৫ শতাংশ বেড়ে ২০০ কোটি ইউরো হয়েছে। হান্সি ফ্লিকের অধীনে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয় এবং ক্যাম্প ন্যুতে ফেরায় তাদের আয় বেড়েছে। স্পনসরশিপ ও ই-কমার্স বিক্রিতেও এসেছে সাফল্য।

চতুর্থ বায়ার্ন মিউনিখের ব্র্যান্ড মূল্য ১৭৪ কোটি ৮০ লাখ ডলার, পঞ্চম পিএসজির ১৭৩ কোটি ৪০ লাখ ডলার। এরপর ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে। নবম চেলসি, আর এক দশক পর শীর্ষ দশে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

শীর্ষ ১০

১. রিয়াল মাদ্রিদ — ২৭৬ কোটি ৬০ লাখ ডলার

২. বার্সেলোনা — ২২৭ কোটি ৬০ লাখ ডলার

৩. আর্সেনাল — ১৭৭ কোটি ২০ লাখ ডলার

৪. বায়ার্ন মিউনিখ — ১৭৪ কোটি ৮০ লাখ ডলার

৫. পিএসজি — ১৭৩ কোটি ৪০ লাখ ডলার

৬. ম্যানচেস্টার সিটি — ১৭০ কোটি ৯০ লাখ ডলার

৭. লিভারপুল — ১৬৯ কোটি ৫০ লাখ ডলার

৮. ম্যানচেস্টার ইউনাইটেড — ১৬৫ কোটি ৯০ লাখ ডলার

৯. চেলসি — ১১০ কোটি ১০ লাখ ডলার

১০. বরুসিয়া ডর্টমুন্ড — ৭৬ কোটি ৬০ লাখ ডলার