...|...|...

খেলা

নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জোন্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সকাল ৯:২০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৫
Shares
নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জোন্স

ছবি: সংগৃহীত

সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনার পর ৯৯৯-এ ফোন করে টিম হোটেলে পুলিশ ডেকেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। এবার সেই ঘটনার জেরে কর্মক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে করছেন না বলে অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জোন্স এসব কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হয়েছেন তিনি এবং আত্মরক্ষার জন্যই পুলিশকে খবর দিতে হয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিষয়টি জানালেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলেও অভিযোগ তার।

জোন্স বলেন, ‘কর্মক্ষেত্রে আমার ওপর হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার জন্যই আমাকে পুলিশ ডাকতে হয়েছিল। বাফুফেকে আমার আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু সেখান থেকে কোনো সাহায্য বা সমর্থন পাইনি। তাই এখনও নিজেকে নিরাপদ মনে করছি না।’

তবে গোলরক্ষক কোচের সাথে তার কোনো বিরোধ নেই বলে পরিষ্কার করেছেন জোন্স। তার ভাষ্য, গোলকিপিং কোচের সাথে সম্পর্ক বরং বেশ ভালো। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কৌশলগত আলোচনা হয়। তার দাবি, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছে।

ঘটনার পেছনে কারও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে বলেও মনে করেন জোন্স। নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা আগে হয়নি জানিয়ে তিনি বলেন, কর্মক্ষেত্রে কখনো শারীরিক হামলার শিকার হননি কিংবা নিরাপত্তার জন্য পুলিশ বা ব্রিটিশ দূতাবাসের সহায়তা নিতে হয়নি।

জোন্সের প্রশ্ন, ‘যখন এএফসি প্রতিযোগিতায় ভালো করার সুবর্ণ সুযোগ সামনে, তখন কেন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তা আমার বোধগম্য নয়।’

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে যাওয়ার আগে এমন অভিযোগে বাংলাদেশ দলের প্রস্তুতিতে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এর আগে বেতন না পাওয়ার অভিযোগ তুলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়েছিলেন জোন্স।