চলতি সপ্তাহের ফেড নীতি নির্ধারণী বৈঠকের আগে তেলের বাজার কিছুটা ঠান্ডা হওয়ায় এবং মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম।
সোমবার (২৬ অক্টোবর) প্রতি আউন্স স্পট গোল্ডের দাম চার হাজার ডলারের ওপরে উঠে এসেছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম গত ২০ জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন ৩,৯৭৫ ডলারে নেমে গেলেও সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ২৪ মিনিট নাগাদ স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০১৪ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০২৮ দশমিক ৪০ ডলারে পৌঁছায়।
সুইস ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, অনেকেই এই চার হাজার ডলারের স্তরটিকে ক্রয়ের মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন। ফলে আমরা ভবিষ্যতে কিছুটা জোরালো ক্রেতার উপস্থিতি দেখতে পাবো, কারণ প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি থেকেও অতীতে এটি বেশ ভালো সহায়তা করেছে।
তিনি আরও বলেন, তেলের দাম হ্রাসের কারণেও বর্তমানে স্বর্ণ বাজার সমর্থন পাচ্ছে। তবে চলতি সপ্তাহের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও ডিসেম্বরে কিংবা আগামী বছর আবারও সুদহার বাড়াতে পারে—এমন আশঙ্কার কারণে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী গতি কিছুটা সীমিত রয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রৌপ্যের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। তবে প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১,৫৪৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১,০৪৩ দশমিক ৪৭ ডলারে নেমে এসেছে।


