কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও তরুণদের বিপথগামিতা রোধে দেশের প্রতিটি মসজিদে ‘রিজালুল ফজর’ বা ‘ফজরের বীর’ ক্যাম্পেইন চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একইসাথে এই উদ্যোগ বাস্তবায়নে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেছেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের মসজিদগুলোর ইমাম ও পরিচালনা কমিটির প্রতি এ আহ্বান জানান তিনি।
মামুনুল হক লেখেন, আলজেরিয়ার একজন শিক্ষকের উদ্যোগে শুরু হওয়া ‘রিজালুল ফজর’ ক্যাম্পেইন অল্প সময়ের মধ্যেই আরব বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে। আরব বিশ্বের বাইরেও ছড়িয়ে পড়ছে এই উদ্যোগ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক মসজিদেও ইতোমধ্যে ক্যাম্পেইনটি চালু হয়েছে।
নতুন প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের মুসলিম উম্মাহর নির্মাতা। নতুন প্রজন্মের মধ্যে আল্লাহর আনুগত্য ও মসজিদের প্রতি ভালোবাসা জেগে ওঠা আশাব্যঞ্জক। তাই বিশ্বের প্রতিটি মুসলিম দেশ, মসজিদ ও মহল্লায় এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়া উচিত।
বাংলাদেশের সামাজিক পরিস্থিতির কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, মহল্লায় মহল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও উঠতি বয়সী তরুণদের বিপথগামিতা নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন। তরুণদের মসজিদ ও আল্লাহমুখী করার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।
এ লক্ষ্যে দেশের সব মসজিদের ইমাম ও পরিচালনা কমিটিকে একযোগে ফজর ক্যাম্পেইন শুরু করার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির।
ক্যাম্পেইন বাস্তবায়নে মামুনুল হকের ছয় প্রস্তাবনা-
১. টানা ৪০ দিন ফজরের নামাজে অংশগ্রহণকারী কিশোরদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা।
২. ফজরের নামাজ পড়তে আসা কিশোরদের মসজিদে ফুল দিয়ে স্বাগত জানানো।
৩. ফজরের নামাজ শেষে ইমামের মাধ্যমে প্রতিদিন একটি শিক্ষণীয় হাদিস তুলে ধরা এবং মসজিদ কমিটির পক্ষ থেকে হালকা নাশতার ব্যবস্থা করা।
৪. সন্তানদের নিয়মিত মসজিদে পাঠাতে অভিভাবকদের উৎসাহিত করা।
৫. প্রাথমিক বিদ্যালয় ও স্কুলের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মসজিদে আসতে উদ্বুদ্ধ করা।
৬. বিভিন্ন সামাজিক সংগঠন ও মুসলিম এনজিওর উদ্যোগে ‘ফজরের বীর’দের জন্য শরীরচর্চা ও সুস্থ বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা।
তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং সামাজিক অবক্ষয় রোধে দেশব্যাপী এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মামুনুল হক।


