ফিফা বিশ্বকাপের রেফারি তালিকা থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেছেন ডাচ ফুটবল রেফারি রব ডাইপারিনক। সোমবার সকালে যুক্তরাজ্যে তার বাসভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
রব ডাইপারিনকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত ও শোকার্ত। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডনের ক্রয়ডন এলাকায় এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশের তদন্তের মুখে পড়েন ডাইপারিনক। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
তবে তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে করা অভিযোগ বাতিল করা হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ডিভাইসসহ অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার পর অভিযোগের সত্যতা প্রমাণের মতো যথেষ্ট ভিত্তি পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
এই ঘটনার পর ফিফা এবারের বিশ্বকাপের রেফারি তালিকা থেকে ডাইপারিনককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে ডাচ সংবাদমাধ্যম ডি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, তাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে।
ডাইপারিনক জানিয়েছিলেন, তদন্তের শুরু থেকেই তিনি পুলিশের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও কেএনভিবির কাছে সব তথ্য স্বচ্ছভাবে তুলে ধরেছেন। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্তে তিনি হতাশ ছিলেন বলেও জানান।
২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগ এরেডিভিসিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রব ডাইপারিনক। তিনি ইউরো ২০২৪ আসরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া চলতি বছরের ৯ এপ্রিল ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্টিনার মধ্যকার ইউরোপা কনফারেন্স লিগ ম্যাচেও ভিএআর কর্মকর্তা ছিলেন তিনি।
কেএনভিবি জানিয়েছে, ফুটবল অঙ্গনে ডাইপারিনক একজন দক্ষ রেফারি ও নিবেদিতপ্রাণ সহকর্মী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।


