কেপ ভার্দেকে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ব্যালন ডি’অরের সাথে দেওয়া ইয়াশিন ট্রফির ২০২৬ সালের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। পুরুষদের সেরা গোলরক্ষকের এই পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের মধ্যে এটিই ভোজিনিয়ার প্রথম উপস্থিতি।
২০২৬ সালের ইয়াশিন ট্রফির মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে ব্যালন ডি‘ অর কর্তৃপক্ষের পক্ষ থেকে। তালিকাটি প্রকাশের পর ভোজিনিয়ার নামটি বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত তারকাদের সাথে এবারই প্রথম এই পুরস্কারের মনোনয়ন পেলেন কেপ ভার্দের এই গোলরক্ষক।
বিশ্বকাপে কেপ ভার্দের জার্সিতে ভোজিনিয়ার পারফরম্যান্স ছিল অসাধারণ। চার ম্যাচে মোট ১৮টি সেভ করে দলটির ঐতিহাসিক সাফল্যে বড় ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে সাতটি সেভ করেন ভোজিনিয়া। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
ইয়াশিন ট্রফির এবারের তালিকায় ভোজিনিয়ার সাথে রয়েছেন ইউরোপ ও বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন পরিচিত গোলরক্ষক। মনোনয়ন পাওয়া অন্যরা হলেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, আল-হিলালের ইয়াসিন বুনু, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, আর্সেনালের দাভিদ রায়া, স্পেনের উনাই সিমোন, বার্সেলোনার হোয়ান গার্সিয়া, ডর্টমুন্ডের গ্রেগর কোবেল, আল-আহলির এদুয়ার্দ মেন্দি এবং পিএসজির মাতেভেই সাফোনোভ।
এবারের তালিকায় নেই গতবারের ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা। বিশ্বকাপজয়ী স্পেনের তিন গোলরক্ষক হোয়ান গার্সিয়া, দাভিদ রায়া ও উনাই সিমোনও জায়গা করে নিয়েছেন। এর মধ্যে আর্সেনালের হয়ে দারুণ মৌসুম কাটানোর পাশাপাশি প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখায় রায়ার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
ইয়াশিন ট্রফির ১০ মনোনীত গোলরক্ষক :
ইয়াসিন বুনু (আল-হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল-আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও/স্পেন) ও ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।


