...|...|...

বিশেষ প্রতিবেদন

এনইআইআরের নথি গায়েব

সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের দুর্নীতির তদন্তে সংশ্লিষ্ট, তিনবার নথি চেয়েও পায়নি দুদক

বিতর্কিত ক্রয় প্রক্রিয়ার তদন্তে অসহযোগিতা বিটিআরসির

এনায়েত শাওন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
বিতর্কিত ক্রয় প্রক্রিয়ার তদন্তে অসহযোগিতা বিটিআরসির

ছবি: এআই দিয়ে তৈরি।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা বৈধ মোবাইল হ্যান্ডসেটের জাতীয় ডাটাবেজের বিতর্কিত ক্রয় প্রক্রিয়া নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত চলমান।

এই ক্রয় প্রক্রিয়ায় সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের অনিয়ম ও দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব তদন্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বারবার ফাইল চেয়েও পায়নি দুদক। বরং ক্রয় প্রক্রিয়ার সেই মূল নথিই গায়েব হয়েছে বলে জানিয়েছে টেলিকমের নিয়ন্ত্রক সংস্থাটি।

জানা গেছে, অভিযোগের সত্যতা রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ হলেও সংশ্লিষ্ট নথি কিভাবে গায়েব হলো কিংবা তদন্তে বিঘ্ন সৃষ্টিতে নথি গায়েব করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এজন্য দুদকের পক্ষ থেকে ফাইল গায়েবকারী সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর নাম, পদবী ও পূর্ণ ঠিকানা জানতে চাওয়া হলেও বিটিআরসির পক্ষ থেকে দায়ী ব্যক্তি হিসেবে একজন উপপরিচালককে সনাক্ত করে দুদককে জানানাও হয়েছে।

তথ্য মতে, বিগত আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের বিরুদ্ধে যে ৫০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার সাথে বিটিআরসি জন্য এনইআইআর এর ক্রয় প্রক্রিয়াও জড়িত রয়েছে। ফলে দুদকের পক্ষ থেকে বিটিআরসির কাছে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ার নথিপত্র চেয়ে পাঠানো হয়।

একে একে তিনবার নথি চেয়ে পত্র পাঠানো হলেও সেই নথি সরবরাহ করা হয়নি, বরং বিটিআরসির পক্ষ থেকে নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। অবশেষে দুদকের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়ী কর্মকর্তা ও কর্মচারীদের নাড়িনক্ষত্র জানতে চাওয়া হয়। এর জবাবে বিটিআরসি থেকে একজন উপপরিচালককে দায়ী করার তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, গত বছরের ২২জুলাই দুদকের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এনইআইআরের তথ্যাদি চেয়ে পাঠানো হয়। বিটিআরসি থেকে তথ্য প্রেরণে গড়িমসি করা হলে দুদক একই বছরের ২৭ আগস্ট পুনরায় চিঠি প্রেরণ করে। পরে সে বছরের ২১ ডিসেম্বর বিটিআরসি থেকে জানানো হয় যে, এনইআইআরের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর প্রেক্ষিতে দুদক গত ১৬ সেপ্টেম্বর পুনরায় চিঠিতে জানায় যেহেতু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্য কমিশন কি ব্যবস্থা নিয়েছে সেসম্পর্কিত পদক্ষেপ ও তদসংশ্লিষ্ট অফিস আদেশসমূহ এবং নাম, পদবী ও পূর্ণাঙ্গ ঠিকাসহ নথি সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের তালিকা চেয়ে পাঠায় দুদক।

বিটিআরসি সুত্র জানায়, দুদকের কঠোর মনোভাবের প্রেক্ষিতে বিটিআরসি উপায়ান্তর না পেয়ে উপপরিচালক সনজিব কুমার সিংহকে দায়ী করে জবাব দেয়। বিটিআরসির স্পেকট্রাম মনিটরিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বেলায়েত হোসেন সাক্ষরিত এক চিঠি বিটিআরসির প্রশাসন বিভাগে প্রেরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, এনইআইআরের সংশ্লিষ্ট ক্রয়টি স্পেকট্রাম বিভাগের উইং-৫ হতে সম্পন্ন করা হয়।

তৎকালীন সময় উক্ত উইংয়ের প্রধান হিসেবে সনজিব কুমার সিংহ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সনজিবকে নাশকতার অভিযোগে ওএসডি করেছে বিটিআরসি। এমনকি সাবেক চেয়ারম্যান এমদাদ উল বারীর সঙ্গে বিরোধের জেরে তার কক্ষকে সিলগালা করার মত নজিরবিহীন ঘটনাও ঘটে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলামের সাথে বেশ কয়েকদিন যোগাযোগ করার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে দুদক সূত্র নিশ্চিত করেছে, এনইআইআরের ক্রয় সংক্রান্ত আর্থিক প্রস্তাব ও অর্থ ছাড়/বিল অনুমোদন সংশ্লিষ্ট তথ্য তিনবার চেয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির মিডিয়া কমিউনিকেশন এন্ড পাবলিকেশন উইংয়ের উপপরিচালক মোঃ আব্দুস শাহীদ চৌধুরী টাইমস টুডেকে বলেন, আমি এ বিষয়ে অবগত নই। দুদক ও বিটিআরসির মধ্যকার এই চিঠি চালাচালি ও তদসংশ্লিষ্ট প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে আমার জানা নেই।