২০০৯ সালের বিডিআর বিদ্রোহে স্বামী নিহত হওয়ার পর থেকে ১৭ বছর ধরে পিলখানার সামনে লাগেজ হাতে অপেক্ষা করছেন এক নারী—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি গল্প ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটির সত্যতা যাচাই করতে পিলখানায় গিয়ে ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, তার বিয়েই হয়নি। ফলে স্বামীর অপেক্ষায় দীর্ঘ ১৭ বছর দাঁড়িয়ে থাকার গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি ‘মিনহাজুল ইসলাম তাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই নারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত এক সদস্যের স্ত্রী স্বামীর অপেক্ষায় ১৭ বছর ধরে পিলখানার গেটে অবস্থান করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক লাখের বেশি বার দেখা হয়েছে।
ওই পোস্টে আরও বলা হয়, বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই নারী। এ জন্য ছুটিও পেয়েছিলেন বিডিআরের ওই সদস্য। পরিকল্পনা অনুযায়ী, স্ত্রী লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করবেন। দায়িত্ব শেষ করে পোশাক পরিবর্তন করে সেখানে এসে স্ত্রীকে নিয়ে সরাসরি বাসস্ট্যান্ডে যাওয়ার কথা ছিল স্বামীর। কিন্তু বিডিআর বিদ্রোহে তার মৃত্যু হওয়ায় আর বাস্তবায়িত হয়নি সেই পরিকল্পনা।
পোস্টে দাবি করা হয়, এরপর থেকেই স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে প্রতিদিন লাগেজ হাতে পিলখানার গেটে অপেক্ষা করছেন ওই নারী।
তবে বাস্তবে গিয়ে পাওয়া গেছে ভিন্ন তথ্য। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে পিলখানায় বিজিবির ৩ নম্বর গেট এলাকায় ওই নারীর দেখা মেলে। তার সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গল্পের সাথে বাস্তবতার কোনো মিল নেই। নিজের বিয়ে হয়নি বলে জানিয়েছেন তিনি।
ওই নারীর নাম শাফি তামান্না নুপুর। তার সাথে থাকা কাগজপত্র থেকে জানা যায়, তার গ্রামের বাড়ি ভোলা জেলার বাংলাবাজার এলাকায়। আগে গাজীপুরে থাকতেন বলে জানান তিনি। বর্তমানে প্রায় পাঁচ মাস ধরে আজিমপুর কবরস্থানের পাশের ফুটপাতে অবস্থান করছেন বলেও জানান নুপুর।
এদিকে পিলখানার ৩ নম্বর গেট এলাকার কয়েকজন দোকানি ও পথচারীর সাথে কথা বলে জানা গেছে, গত চার থেকে পাঁচ মাস ধরে ওই নারীকে সেখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ১৭ বছর ধরে পিলখানার সামনে অবস্থান করার দাবির সাথে স্থানীয়দের দেওয়া তথ্যেরও মিল নেই।
নাম প্রকাশ না করার শর্তে পিলখানার এক কর্মকর্তা জানান, ওই নারীকে কয়েক মাস ধরে ওই এলাকায় অবস্থান করতে দেখা যাচ্ছে। তাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য একাধিকবার বোঝানোর চেষ্টা করা হলেও তিনি কারও কথা শুনছেন না।
ওই কর্মকর্তা ও স্থানীয় কয়েকজনের দাবি, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তবে তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো চিকিৎসাগত তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে, বিডিআর বিদ্রোহে স্বামী হারিয়ে ১৭ বছর ধরে পিলখানার সামনে অপেক্ষা করার যে গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সরেজমিনে পাওয়া তথ্য ও ওই নারীর বক্তব্যে তার সত্যতা মেলেনি।

