...|...|...

সারাদেশ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা-জেলের হুঁশিয়ারি ফকির কমিটির সভাপতির

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ২:৩৭
Shares
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা-জেলের হুঁশিয়ারি ফকির কমিটির সভাপতির

ছবি: সংগৃহীত

বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে-এমন ঘোষণা দিয়েছেন শেরপুরের নকলা উপজেলার স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দেওয়া আনোয়ার মিয়া। একই সাথে সপ্তাহের মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে ভিক্ষা করাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তিনি।

মাইক হাতে বাজারে এমন ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা এক ব্যক্তি হাতে হ্যান্ডমাইক নিয়ে বাজারের লোকজনের সামনে বক্তব্য দিচ্ছেন। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করতে পারবেন না। এ সময়সীমা অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে নকলা শহরের বাসিন্দা ও ছাত্রনেতা এন আই রিজন জানান, আনোয়ার মিয়া হুইলচেয়ারে বসেই ভিক্ষা করেন এবং হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ভিক্ষা চান।

ফকির কমিটির সভাপতি বলে দাবি করা আনোয়ার মিয়া শেরপুর ও বকশীগঞ্জ হয়ে ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত এলাকাকে নিজের আওতাধীন বলে জানিয়েছেন। তিনি নকলা উপজেলার জালালপুরের বাসিন্দা।

তবে স্থানীয় একটি কমিটির পক্ষ থেকে জরিমানা কিংবা কারাদণ্ডের মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ এবং নিয়ম ভাঙলে শাস্তির হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় ফকির কমিটির আছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন। খোঁজখবর নিয়ে বলতে পারবেন।