...|...|...

জাতীয়

বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭
Shares
বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয়

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ রবিবার (১৫ নভেম্বর) আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। আজকের বৈঠকে পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ উত্থাপনের কথা রয়েছে।

এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিকেল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারের বিভিন্ন অনিয়ম নিয়ে সংসদে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন।

অন্যদিকে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের দুর্ভোগ কমানো, ভূমিসেবা সহজ করা এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী, ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে রয়েছে।

অধিবেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। পাশাপাশি গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিলও সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

পোশাকশিল্পের উন্নয়ন নিয়ে সাধারণ প্রস্তাব

আজকের অধিবেশনে দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী, এ খাতের উন্নয়ন, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করা, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে একটি সাধারণ প্রস্তাব কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবটি উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান।

প্রস্তাবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার বিষয়গুলো গুরুত্ব পাবে।