কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে একসাথে বসে তাস খেলতে দেখা যায়। এ সময় তাদের সামনে ও হাতে টাকা দেখা যায়। ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খান রয়েছেন বলে দাবি করা হচ্ছে।
ফরিদ উদ্দিন খান দীর্ঘদিন ধরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার ভিডিও ছড়িয়ে পড়ার পর তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির একাধিক নেতার দাবি, স্থানীয় স্রোন্দ্রম সরকার পুকুরপাড় এলাকায় ফরিদ উদ্দিন খানকে প্রায়ই জুয়ার আসরে দেখা যায়। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘এ ধরনের অপরাধ দল কোনোভাবেই সমর্থন করে না। শুনেছি, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। যদি তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে কীভাবে নির্বাচন করবেন? আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক সুনির্দিষ্ট ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা চললেও, এর প্রেক্ষাপট ও তাস খেলার সাথে অর্থের বিনিময়ে জুয়া খেলার সংশ্লিষ্টতা সরাসরি নিশ্চিত করা সম্ভব হয়নি।


