...|...|...

রাজনীতি

বিএনপি ইতিহাস থেকে যথাযথ সাংবিধানিক শিক্ষা নেয়নি: এনসিপি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৪০
Shares
বিএনপি ইতিহাস থেকে যথাযথ সাংবিধানিক শিক্ষা নেয়নি: এনসিপি

ছবি: সংগৃহীত

বিএনপি ইতিহাস থেকে যথাযথ রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক ও সাংবিধানিক শিক্ষা নেয়নি বলে বিএনপির সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাথে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় এনসিপি।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এ দিনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এনসিপি।

দলটির দাবি, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ এবং এ দেশের জনগণের আত্মত্যাগ বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করতে চেয়েছে। তবে বাংলাদেশের জনগণ কখনো সিপাহী-জনতার অভ্যুত্থান, কখনো জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আধিপত্য ও দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে।

বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে এনসিপি বলেছে, সামরিক পটভূমি থেকে উঠে আসা শাসকদের মধ্যে বিরল ব্যক্তিত্ব ছিলেন জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তবে বাকশালী ফ্যাসিস্ট কাঠামো বহাল রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার তার প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি।

এতে আরও বলা হয়, জিয়াউর রহমান বাকশালী কাঠামোর মধ্যে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ওই কাঠামো সুযোগ পেয়ে আদালতের মাধ্যমে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয়।

বিএনপির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, দুঃখজনক হলেও জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ইতিহাস থেকে যথাযথ রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক ও সাংবিধানিক শিক্ষা নেয়নি। দলটি জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে আবারও অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ করতে চাইছে। এনসিপির মতে, এতে ভবিষ্যতে যেকোনো সময় আদালত বা পরবর্তী সংসদে এসব পরিবর্তন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংবিধান সংশোধনের সীমিত পরিসরে আটকে রাখার চেষ্টা থেকে সরে আসতে হবে। জনগণের গণভোটের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। একই সাথে গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

বিবৃতির শেষাংশে এনসিপি বলেছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় এসে জনগণের গণরায় অস্বীকার করলে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।