...|...|...

রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২৫
Shares
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা পার্কে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দলটি। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিএনপি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি দলের নেতৃত্বে আসেন তার স্ত্রী খালেদা জিয়া।

পরবর্তীতে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। দুই বছরের বেশি সময় কারাভোগের পর অসুস্থতার কারণে তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান।

এদিকে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকেই লন্ডনে অবস্থানরত তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি ২০২৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর নতুনভাবে সক্রিয় হয়। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। একই বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।