বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, আমি ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আখতারুজ্জামান বলেন, ৪০ বছর রাজনীতিতে আমার ভুল ছিল না। কিন্তু সেই নদীতে আজ চর পড়ে গেছে। তাই বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ধারণ করেছেন। ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, আমরা সাগরে যাব। আমাদের জয় হবেই, সত্যের জয় হবে।
জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। এতে বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।

