...|...|...

রাজনীতি

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, জামায়াত আমিরের প্রশ্ন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯
Shares
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, জামায়াত আমিরের প্রশ্ন

ছবি: সংগৃহীত

দেশে কোনো সরকার ব্যবস্থা আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তোলেন তিনি। একইসাথে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন ডা. শফিকুর।

স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?

তিনি বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সাথে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে।