...|...|...

সারাদেশ

বিএনপির মনোনয়ন দেওয়ার আশ্বাসে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৩
Shares
বিএনপির মনোনয়ন দেওয়ার আশ্বাসে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরে আবু হুরায়রা নামে সাবেক এক ছাত্রলীগ নেতা গ্রেফতার। ছবি: টাইমস টুডে

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও বিএনপির রাজনৈতিক পদে পদায়ন এবং মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গ্রেফতার আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। সেখানেও প্রতারণার অভিযোগে তিনি বরখাস্ত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতেন। 

সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির বিভিন্ন রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়ন নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি তাদের কাছে অর্থ দাবি করতেন। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে গোয়েন্দা নজরদারি শুরু করে পুলিশ। পরে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও বলেন, এই প্রতারণার সাথে অন্য কেউ জড়িত আছে কি না কিংবা এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।