বিশ্বে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এ ছাড়া বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণে জর্জরিত। সাধারণত বৃষ্টিতে বাতাসের মানের উন্নতি হয়। তবে এবার কয়েক দিনের বর্ষণেও মেলেনি সেই স্বস্তি। বরং বৃষ্টির মধ্যেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, সকালে ১০৮ স্কোর নিয়ে ১১ তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৮৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।
এ ছাড়া, ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, ১৫২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কাতারের দোহা শহরটি, এছাড়া আরব-আমিরাতে দুবাই, মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুর, পাকিস্তানের লাহোরের মতো শহর গুলো ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



